ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করছে গুগল, থাকছে কি কি সুবিধা!
- আপডেট সময় ০৯:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 30
ব্যবহারকারীদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা আরও সহজ করতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি যুক্ত করার সুবিধা চালু করেছে গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক হিসাবের তথ্য বিশ্লেষণ, অপ্রয়োজনীয় খরচ শনাক্ত এবং নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরিতে জেমিনির সহায়তা নিতে পারবেন। গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেমিনি ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে চ্যাটবটটির সঙ্গে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। এর ফলে ব্যক্তিগত আয়-ব্যয় ও আর্থিক অবস্থার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাবে।
ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যবহারকারীরা নিজেদের হিসাবসংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে জেমিনিকে প্রশ্ন করতে পারবেন। তাত্ত্বিকভাবে চ্যাটবটটি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ও অন্যান্য বাড়তি খরচ শনাক্ত করতে পারবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোথায় অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, তা বুঝে সাশ্রয়ের সুযোগ খুঁজে নিতে পারবেন।
গুগলের দেওয়া উদাহরণ অনুযায়ী, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বেড়ে গেলে জেমিনি তা শনাক্ত করতে সক্ষম হবে। পাশাপাশি ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরির নির্দেশ দিতে পারবেন। এ ক্ষেত্রে ক্যাশ ফ্লো, সম্পদ বণ্টনসহ বিভিন্ন আর্থিক বিষয়ের গতিশীল চার্ট ও বিশ্লেষণ পাওয়া যাবে।
এ ছাড়া ছুটির দিনের ভ্রমণ বা অন্যান্য পরিকল্পনার জন্য বাজেট তৈরিতেও সহায়তা করতে পারবে জেমিনি। ফলে সাধারণ ব্যাংকিং অ্যাপের প্রচলিত সুবিধার বাইরে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনায়ও চ্যাটবটটি ব্যবহার করা যাবে।
তবে ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাঝেমধ্যে ভুল তথ্য দিতে পারে। ব্যক্তিগত অর্থের হিসাব বিশ্লেষণের ক্ষেত্রে এ ধরনের ভুল ব্যবহারকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে।
গুগল জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় জেমিনি কেবল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পড়তে পারবে। এটি ব্যবহারকারীর হয়ে কোনো অর্থ স্থানান্তর, আর্থিক লেনদেন পরিচালনা কিংবা বিনিয়োগ করতে পারবে না।
ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়েছে। অর্থাৎ ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছায় এটি চালু বা বন্ধ করতে পারবেন। ওয়েব ও মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই নতুন এ ইন্টিগ্রেশন চালু করা হচ্ছে।
এ ছাড়া ব্যবহারকারীদের আর্থিক তথ্য আরও গভীরভাবে বিশ্লেষণ ও প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি দিতে ফিনটেক প্রতিষ্ঠান প্লেইডের সঙ্গে অংশীদারত্ব করেছে গুগল। তবে এ অংশীদারত্বের বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

























