পিএইচপির ত্রুটিতে ওয়েবসাইট নিরাপত্তা নিয়ে উদ্বেগ
- আপডেট সময় ০৬:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 14
আল-জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের বিপুলসংখ্যক ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে ‘পিএইচপি২শেল’ নামে একটি গুরুতর কোডিং ত্রুটি শনাক্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ ত্রুটিকে কেন্দ্র করে ইউরোপের কয়েকটি দেশ সরকারি ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ অনলাইন সেবায় সাময়িক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে পিএইচপি কর্তৃপক্ষ নতুন নিরাপত্তা আপডেট প্রকাশ করে দ্রুত তা ব্যবহারের পরামর্শ দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ত্রুটিটি শনাক্ত করা হয়েছে। এতে দাবি করা হয়, প্রায় এক দশক ধরে এটি পিএইচপির ভেতরে ছিল এবং এর সুযোগ কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়া, সংরক্ষিত তথ্য ও পাসওয়ার্ডে প্রবেশের চেষ্টা করতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়।
ত্রুটির তথ্য প্রকাশের পর পিএইচপি কর্তৃপক্ষ দ্রুত নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। ওয়ার্ডপ্রেস, জুমলা ও মেজেন্টোর মতো পিএইচপিভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহারকারী ওয়েবসাইটগুলোকে নতুন সংস্করণে হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের সরকার কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ অনলাইন সেবায় সাময়িক ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে উইকিপিডিয়া ও ইন্টারনেট আর্কাইভও কিছু সময়ের জন্য নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে এশিয়ায় দক্ষিণ কোরিয়া সরকার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিশেষ সাইবার সতর্কতা জারি করেছে বলেও আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা

























