জামালপুরে বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণে নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট
- আপডেট সময় ০২:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 20
জামালপুরে রেলওয়ে ওভারপাসের ওপর পাওয়া বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে এটি নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জামালপুর রেলওয়ে ওভারপাসের ওপর লাল স্কচটেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুটির দুই পাশে বৈদ্যুতিক তারও দেখা যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার স্বার্থে ওভারপাসে যান চলাচল বন্ধ রাখা হয়। বস্তুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
পরে মেজর শাহীনের নেতৃত্বে ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা করেন। রাত সাড়ে ১১টার দিকে সেটি ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সন্ধ্যা থেকেই বোমাসদৃশ বস্তুটি নিয়ে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছিল। পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে ঘাটাইল থেকে বোমা ডিসপোজাল ইউনিট এসে বস্তুটি নিষ্ক্রিয় করে। তবে সেটি প্রকৃতপক্ষে বোমা ছিল কি না, তা নিশ্চিত নয়।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে পতিত সরকারের দোসররা। ঘটনাটি সেই প্রচেষ্টার অংশ বলে তিনি মনে করেন।

























