১ নভেম্বর দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম কত!
- আপডেট সময় ১২:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 33
তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শনিবার (৩১ অক্টোবর) ঘোষিত এ দর রোববার (১ নভেম্বর)ও কার্যকর রয়েছে।
এর আগে গত ৩০ অক্টোবর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। নতুন দাম ঘোষণা করে শনিবার সকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংগঠনটি। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দরের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়।

















