নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত সংবাদ উপস্থাপক রাবিয়া আহসান
- আপডেট সময় ০৭:১৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 167
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাসা থেকে গুলিবিদ্ধ অবস্থায় টেলিভিশন সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা তদন্তের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) আদিয়ালা রোডে অবস্থিত বাসার শয়নকক্ষ থেকে রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার গলার নিচের অংশে গুলির ক্ষত ছিল। রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা হাসান মুশতাক সোখেরা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
রাবিয়া পাকিস্তানের বেসরকারি উর্দুভাষী টেলিভিশন চ্যানেল ৯২ নিউজের সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় স্বামী আহসানকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার সময় যে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
হাসান মুশতাক সোখেরা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাস্থলের কক্ষ থেকে অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরুর জন্য মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কর্মকর্তা সোখেরা। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, সেখানে অভিযানের দায়িত্বে থাকা কর্মকর্তা, তদন্ত বিভাগের প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তবে রাবিয়া আহসানের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।























