ঢাকাকে বাসযোগ্য করতে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৯:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 36
ঢাকাকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সরকারি আবাসিক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনাও রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে রাজধানীকে অঞ্চলভিত্তিক ভাগ করে ২০টি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এসব কমিটিতে রয়েছেন।
তিনি জানান, কমিটি গঠনের পর থেকে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এরই মধ্যে কমিটির সদস্যরা রাজধানীর ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, এ বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে পৃথক একটি উইং গঠনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তরেও নতুন করে এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারি আবাসিক এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করা না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।
ঢাকাকে উন্নত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আগের সরকারগুলোর মতো ঢাকা শহরকে কানাডা বা থাইল্যান্ডের মতো বানানোর প্রতিশ্রুতি দিতে চায় না বর্তমান সরকার। বরং ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
এ সময় সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব।

























