প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান
- আপডেট সময় ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 32
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে গোল করতে পারেনি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিরতিতে যাওয়ার সময় দুই দলের স্কোর ০-০। বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল স্বাগতিকরা। অন্যদিকে, পাকিস্তানের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠে পাকিস্তান। প্রথম দুই মিনিটে দুটি ভালো আক্রমণ তৈরি করে দলটি। এর মধ্যে শমিত সোমের ভুল পাস থেকে পাওয়া সুযোগে লক্ষ্যে শট নেয় পাকিস্তান। তবে দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
শুরুর চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম মিনিটে কাজেম শাহের নেওয়া একটি শট সহজেই আটকে দেন পাকিস্তানের গোলরক্ষক। এরপর দুই দলই সমানতালে লড়াই চালিয়ে যায়। তবে পাকিস্তানের জমাট রক্ষণ ভেঙে গোলের সুযোগ তৈরি করতে বেগ পেতে হয় বাংলাদেশকে।
কুলিং ব্রেকের পর আক্রমণের গতি বাড়ায় পাকিস্তান। তারিক কাজীর মার্কিংয়ের দুর্বলতার সুযোগে বল পেয়ে যান আব্দুস সামাদ। তাঁর নেওয়া শটটি পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ।
এর আগে গোলের দারুণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে জোরালো শট নেন রাকিব হোসেন। পাকিস্তানের গোলরক্ষক প্রথম প্রচেষ্টায় বলটি ঠেকালেও সেটি হাত থেকে ফসকে পোস্টে লাগে। ফলে গোলবঞ্চিত থাকতে হয় বাংলাদেশকে।
৩৫ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে পাকিস্তানের রক্ষণ ভেঙে বক্সের কাছে পৌঁছান ফারহান আলী ওয়াহিদ। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ দিকে দুই দলই গোলের চেষ্টা চালালেও জালের দেখা পায়নি কেউ। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে বিরতিতে গোলশূন্য সমতায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান।
























