শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- আপডেট সময় ০১:২২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 26
সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে হামজা চৌধুরীর দল।
বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় লাল-সবুজের প্রতিনিধিরা। হামজা চৌধুরীর বাড়ানো ক্রস থেকে সামিত সোমের প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলে শট নিয়ে জাল খুঁজে নেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে শ্রীলঙ্কার রক্ষণভাগ ভেঙে জোরালো শট নেন তিনি। বলটি গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে জালে প্রবেশ করে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিকরা। ৫২তম মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৩-০ করেন ফারহান।
ম্যাচের ৮৭তম মিনিটে বাংলাদেশের হয়ে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন। দৌড়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে পেছনে ফেলে লঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। তাতেই ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত ৮টায় শেষ চারের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে হামজা চৌধুরীর দল। একই দিন দুপুরে অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান।

























