২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
- আপডেট সময় ০২:১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / 26
সব জল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন লিওনেল স্কালোনি। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কয়েক দফা বৈঠকের পর চুক্তি নবায়নে সম্মত হয়েছেন দুই পক্ষ। নতুন চুক্তির আওতায় আরও চার বছর আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই কোচ। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের।
এএফএ সভাপতি তাপিয়া জানিয়েছেন, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত স্কালোনি ও তাঁর কোচিং স্টাফের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। তবে চুক্তিটি দুই বছর করে দুই ধাপে কার্যকর হবে। প্রথম ধাপ চলবে ২০২৭ সালের কোপা আমেরিকা পর্যন্ত। এরপর দুই পক্ষের সম্মতিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন স্কালোনি।
চুক্তি নবায়নের বিষয়টি জানিয়ে তাপিয়া বলেন, ‘২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনির কোচিং স্টাফের চুক্তি আনুষ্ঠানিকভাবে নবায়নের ঘোষণা দিতে যাচ্ছি। এএফএর নির্বাহী কমিটির পাশাপাশি সব আর্জেন্টাইনের জন্য এটি আনন্দের খবর।’
তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। আট বছরের চুক্তি, সঙ্গে আরও চার বছর বাড়ানোর বিকল্প রয়েছে। এই অ্যাসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে দলকে কোচিং করানোর সুযোগ থাকবে তাঁর সামনে।’
তবে স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়াল্টার স্যামুয়েল নতুন কোচিং স্টাফে থাকছেন না। ইউরোপে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চান তিনি। অন্যদিকে কোচিং স্টাফে থাকছেন পাবলো আইমার, রবার্তো আয়ালা, লুইস মার্টিন, মার্তিন তোকালি ও মাতিয়াস মান্না।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলের নতুন অধ্যায়ও শুরু হয়েছে। বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচের মাধ্যমে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তাঁর অনুপস্থিতিতে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ দল গঠনে মনোযোগী হয়েছেন স্কালোনি।
ইতিমধ্যে বয়সভিত্তিক দল থেকে উঠে আসা লিওনেল ফ্লোরেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও রোমান ভেগার মতো তরুণদের জাতীয় দলে খেলার সুযোগ দিয়েছেন তিনি।
পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্বের ভূমিকাও আরও জোরালো করতে চান এই কোচ। অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো, সহ-অধিনায়ক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এবং তৃতীয় অধিনায়ক লাওতারো মার্তিনেজের ওপর থাকবে বাড়তি দায়িত্ব।
স্কালোনির অধীনে এখন পর্যন্ত একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমা জিতেছে আর্জেন্টিনা। এবার তাঁর লক্ষ্য ২০৩০ বিশ্বকাপেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা।























