জয়া আহসানকে নিয়ে শ্রীলেখার কটাক্ষ
- আপডেট সময় ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / 17
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত মধ্যরাতের পদযাত্রায় বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জয়া আহসানকে নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও একটি প্রথমসারির সংবাদমাধ্যমের উদ্যোগে মধ্যরাতের ওই পদযাত্রার আয়োজন করা হয়। কলকাতার রাজপথে বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল ও ইন্দ্রাণী হালদারসহ অন্যদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন জয়া আহসান।
জয়ার এই অংশগ্রহণের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তাকে নিয়ে বিদ্রুপও করেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান টালিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন শ্রীলেখা। পোস্টে তিনি জয়া আহসানের জাতীয় পরিচয় ও ভারতের স্বাধীনতা দিবসের আয়োজনে তার অংশগ্রহণ প্রসঙ্গে বিভিন্ন মন্তব্য করেন। একই পোস্টে ভারতের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ও টেনে আনেন তিনি।
পোস্টটি শেয়ার করে শ্রীলেখা ব্যঙ্গাত্মক ভাষায় লেখেন, ‘ধর্ম…ধান্দা…ও দেশপ্রেম… বাকিরা দেশদ্রোহী… হিংটিংছট’।
জানা গেছে, মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ আমন্ত্রণে ওই ওয়াকাথনে অংশ নেন জয়া আহসান। এ কর্মসূচিতে তিনি ভারতের স্বাধীনতা দিবসের গানসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন। ঢাকায় ফেরার টিকিট বাতিল করে তিনি অনুষ্ঠানে যোগ দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে আয়োজকদের পক্ষ থেকে এই ওয়াকাথনকে শুধু ভারতের স্বাধীনতা উদযাপনের কর্মসূচি হিসেবে দেখা হয়নি। নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও সমমর্যাদার বার্তা দেওয়াও ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য। সেই বার্তা সামনে রেখেই জয়া আহসান পদযাত্রায় অংশ নেন।
শ্রীলেখা মিত্রের পোস্টের মন্তব্যের ঘরেও জয়া আহসানকে নিয়ে বিভিন্ন মন্তব্য আসে। সেখানে এক নেটিজেন ঋতুপর্ণা সেনগুপ্তের পাশে থাকা জয়া আহসানকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন। এর জবাবে শ্রীলেখা লেখেন, ‘না, উনি।’

























