ইউটিউবে আয়ের নতুন সুযোগ
- আপডেট সময় ০৭:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 0
ক্রিয়েটরদের আয়ের নতুন সুযোগ তৈরি করতে অ্যামাজনের সঙ্গে ইন্টিগ্রেশনের ঘোষণা দিয়েছে ইউটিউব। নতুন এই সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের যোগ্য ক্রিয়েটররা নিজেদের কনটেন্টে সরাসরি অ্যামাজনের পণ্য ট্যাগ করতে পারবেন। দর্শক সেই পণ্য কিনলে বিক্রির কমিশন পাবেন সংশ্লিষ্ট ক্রিয়েটর।
নতুন ফিচারটির মাধ্যমে রিল, দীর্ঘ ভিডিও এবং লাইভ স্ট্রিমিং—সব ধরনের কনটেন্টেই অ্যামাজনের পণ্য ট্যাগ করা যাবে। ফলে পণ্য প্রচারের পাশাপাশি সেখান থেকে সরাসরি আয়ের সুযোগ তৈরি হবে ক্রিয়েটরদের জন্য।
ইউটিউবের শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম আগে থেকেই চালু রয়েছে। এর মাধ্যমে যোগ্য ক্রিয়েটররা বিভিন্ন পণ্য প্রচার করে থাকেন। এবার সেই ব্যবস্থার সঙ্গে অ্যামাজনের পণ্য যুক্ত হচ্ছে।
ইউটিউব জানিয়েছে, অ্যামাজন জনপ্রিয়, বেশি চাহিদাসম্পন্ন ও ট্রেন্ডিং পণ্য নিয়ে একটি নির্বাচিত তালিকা সরবরাহ করবে। কোনো ক্রিয়েটর তালিকায় থাকা কোনো পণ্য প্রচার করতে পারবেন। পছন্দের পণ্য তালিকায় না থাকলে ইউটিউব সাপোর্টের মাধ্যমে সেটি যুক্ত করার অনুরোধও করা যাবে।
নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে পণ্য ট্যাগ করার সুবিধাও থাকছে। এই অপশন চালু করলে ইউটিউবের সিস্টেম ক্রিয়েটরের সাম্প্রতিক আপলোড করা ভিডিও পর্যালোচনা করে সেখানে থাকা নির্বাচিত অ্যামাজন পণ্য শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করতে পারবে। এতে প্রতিটি ভিডিওতে আলাদাভাবে পণ্য যুক্ত করার প্রয়োজন হবে না।
ক্রিয়েটররা ইউটিউব স্টুডিওর মাধ্যমে প্রতিদিনের মোট আয় দেখতে পারবেন। তবে নির্দিষ্ট কোনো ভিডিও থেকে ঠিক কত আয় হয়েছে, সেই তথ্য দেখা যাবে না বলে জানিয়েছে ইউটিউব। ট্যাগ করা কোনো পণ্য দর্শক কিনে পরে ফেরত দিলে সংশ্লিষ্ট কমিশন কেটে নেওয়া হবে।
অ্যামাজনের সঙ্গে ইউটিউবের এই ইন্টিগ্রেশন আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ক্রিয়েটরদের জন্য চালু হচ্ছে। তবে ট্যাগ করা পণ্য বিশ্বের অন্যান্য দেশের দর্শকরাও দেখতে পারবেন।
নতুন সুবিধা ব্যবহারের জন্য ক্রিয়েটরকে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম—দুটিতেই নিবন্ধিত থাকতে হবে। পাশাপাশি সক্রিয় অ্যামাজন ইনফ্লুয়েন্সার অথবা অ্যামাজন অ্যাসোসিয়েটস অ্যাকাউন্ট থাকতে হবে।

























