মার্কিন সেনাদের বিরুদ্ধে অভিযানে স্টারলিংক ব্যবহার করেছে ইরান
- আপডেট সময় ১১:২৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 32
মার্কিন ও ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযানে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের শুরুর দিকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় স্টারলিংক ব্যবহার করে ইরান। এ বিষয়ে অবগত চার ব্যক্তির বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের দুটি অননুমোদিত ব্যবহারের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁর প্রতিষ্ঠানের ধারণা, এসব ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক ছিল।
এদিকে মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ জন্য আকাশপথে ড্রোন পরিচালনার উপযোগী ব্যয়বহুল পরিকল্পনার পরিবর্তে স্থলভিত্তিক কার্যক্রমের জন্য নির্ধারিত কম খরচের সাবস্ক্রিপশন ব্যবহার করা হয়েছিল।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপনীয় যুদ্ধ পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে ইরানের স্টারলিংক ব্যবহারের বিষয়টি উল্লেখ ছিল।
তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রয়টার্সকে জানিয়েছে, এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠানো কোনো প্রতিবেদনের কথা তাদের জানা নেই। স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ইরানে স্টারলিংক পরিচালনার সরকারি অনুমোদন নেই। তবে দেশটিতে ইন্টারনেট নিয়ন্ত্রণ ও বিভিন্ন সময় যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষ ও সরকারবিরোধীরাও এই সেবা ব্যবহার করে থাকেন। ফলে দেশটিতে স্টারলিংকের ব্যবহার বন্ধ করা হলে সাধারণ নাগরিকদের যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স

























