আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে নিহত ৬, আহত ৯৭
- আপডেট সময় ০৯:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 32
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে বিস্ফোরণে অন্তত ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৭ জন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ বলেন, হতাহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব। আরও তথ্য পাওয়া গেলে তা পরিবর্তিত হতে পারে।
কুনারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা সামি-উল-হক জানান, শনিবার সকাল ১০টার দিকে প্রদেশের আন্দার সের এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বাড়িতে বিস্ফোরণ ঘটে।
তিনি বলেন, বাড়িটি খনিশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের। সেখানে ডিনামাইট মজুত করে রাখা হয়েছিল। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি বলেন, প্রাথমিক তদন্তে অবহেলা ও অসতর্কতাকে বিস্ফোরণের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তানে খনি খনন অন্যতম প্রধান শিল্প। তবে নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে দেশটিতে খনিসংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে।
এর আগে গত আগস্টে রাজধানী কাবুলের একটি স্কুল কমপ্লেক্সে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

























