ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু
- আপডেট সময় ০২:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 26
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে মতামত জানতে রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনের আলোচনায় ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের এই সংলাপ শুরু হয়। এতে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা ছিল। তবে দলগুলো পরবর্তী সময়ে সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
তিন দিনের এই সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে সোমবার (৩০ নভেম্বর)। ওইদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
সংলাপের শেষ পর্ব অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১ ডিসেম্বর)। ওইদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি এক হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি এক হাজার ৬৯টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে। তৃতীয় ধাপে ২৯ এপ্রিল এক হাজার ২৪টি এবং চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে এসব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
























