চীনের আকাশে উড়ল নতুন বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান
- আপডেট সময় ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 21
চীনে প্রথমবারের মতো ১৯ আসনবিশিষ্ট বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে উড্ডয়ন ও অবতরণের মধ্য দিয়ে পরীক্ষাটি শেষ হয়। এ সময় প্রায় ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে ছিল বিমানটি।
রোববার (১৫ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিই-২৫এ (CE-25A) মডেলের বিমানটিতে পরীক্ষামূলক উড্ডয়নের সময় দুজন পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন। মূলত স্বল্প দূরত্বে এক শহর থেকে অন্য শহরে যাত্রী পরিবহনের উপযোগী করে এটি তৈরি করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিউজ এবং বার্তা সংস্থা সিনহুয়া প্রথম এ পরীক্ষামূলক উড্ডয়নের খবর জানায়।
বিমানটি পরিচালনায় প্রচলিত জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক প্রপালশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে একসঙ্গে সর্বোচ্চ ১৯ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়নকালীন ওজন ১০ টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বিমানটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারবে।
বিমানটির নকশা ও নির্মাণকাজে চীনের একাধিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক বা COMAC), ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল) এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।
কোম্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এই সাফল্য চীনের বিমান চলাচল এবং উড়োজাহাজ উৎপাদন শিল্পের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে বিমানটির উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বয়ংক্রিয় উড্ডয়ন পরীক্ষা চালানো হয়। পরবর্তী সময়ে কোনো পাইলট ছাড়াই আরও ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে উড়োজাহাজটি।
তবে পরীক্ষামূলক উড্ডয়ন সফল হলেও এখনই বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের সুযোগ পাচ্ছে না বিমানটি। এ জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএসিএ) কাছে টাইপ সার্টিফিকেশনের আবেদন করেছে নির্মাতা প্রতিষ্ঠান। প্রয়োজনীয় কারিগরি যাচাই ও অনুমোদন প্রক্রিয়া শেষ হলেই বাণিজ্যিক ব্যবহারের পথ খুলবে।
























