রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের
- আপডেট সময় ১২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 33
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে জোটটি। এদিকে একই সময়ে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়ে উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হুথি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে এগিয়ে আসার সময় শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) আল-মালিকি জানিয়েছিলেন, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া সন্দেহভাজন দুটি হুথি ড্রোনও আকাশেই ধ্বংস করেছে সৌদি বাহিনী।
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন এবং সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, দেশটির মারিব শহর লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেন, আল-জাওফ প্রদেশের আল-হাজম ও মাদগাল জেলায় হুথিদের সঙ্গে তীব্র লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে সরকারি বাহিনী। একই সঙ্গে মারিব অঞ্চলেও সংঘাত বেড়েছে।
আল-নুজাইলির দাবি, সৌদি সমর্থিত বাহিনী হুথিদের বিরুদ্ধে ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে গোষ্ঠীটির ৩২১ জন নেতা নিহত বা আহত হয়েছেন। তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে অভিযানগুলো চালানো হয়। এ ছাড়া হুথিদের ব্যবহৃত ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তার দেওয়া হিসাব অনুযায়ী, এসব অভিযানে ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১টি গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোট তাদের নিয়ন্ত্রিত সাদা, তাইজ, লাহিজ ও আল-জাওফ প্রদেশে ৭২টি বিমান হামলা চালিয়েছে। একই সময়ে লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানান তিনি।
হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানার শুয়ুব জেলার একটি আবাসিক এলাকায় সৌদি সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।























