ইরানের হামলাকে ভুল সিদ্ধান্ত বললেন ব্লিঙ্কেন
- আপডেট সময় ১২:৩৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 31
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের পথ বেছে নিয়ে ভুল করেছেন। কারণ, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সবশেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছিল।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে ব্লিঙ্কেনকে এসব মন্তব্য করতে দেখা গেছে। একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ট্রাম্পের সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত সঠিক হয়নি বলে তিনি মনে করেন।
ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের আগের প্রতিটি প্রশাসন বিষয়টি পর্যালোচনা করে সামরিক পদক্ষেপকে একেবারে শেষ বিকল্প হিসেবে বিবেচনা করেছিল। এর অন্যতম কারণ, সামরিক অভিযান চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। বড়জোর কয়েক বছরের জন্য কর্মসূচিটির অগ্রগতি বাধাগ্রস্ত করা যেতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হলেও পরবর্তী সময়ে দেশটি কর্মসূচির কার্যক্রম আরও গভীরে মাটির নিচে সরিয়ে নিতে পারত। এরপর আরও বড় পরিসরে কার্যক্রম চালানোর সুযোগ তৈরি হতো।
ব্লিঙ্কেনের মতে, সামরিক অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হতো না। বরং হামলার ফলে কর্মসূচিটি আরও গোপনীয় ও সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারত।
তথ্যসূত্র: দ্য ডন।























