সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১২ হাজার
- আপডেট সময় ০৬:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 22
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ২২৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৬৫৩ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন আরও ২৯ জন।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, চাকরিতে নিয়োগ কিংবা তাদের পরিচয় গোপন রাখতে সহযোগিতা করার অভিযোগে আরও ১৫ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
৪০ হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৪০ হাজার ৭৬২ জনের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে। তাদের মধ্যে ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারী।
আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে। প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
এ ছাড়া ৯ হাজার ৮০০ জনের দেশে ফেরার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ১১ হাজার ৪১৮ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অবৈধ অভিবাসীদের সৌদি আরবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করার বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।
এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন জব্দ করার পাশাপাশি অপরাধীর পরিচয় প্রকাশের বিধান রয়েছে। এ ধরনের অপরাধকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের আটকে রাখার ব্যবস্থাও রয়েছে।
অভিযোগ জানাতে হটলাইন নম্বর
আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দেশটির অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের জন্য ৯৯৯ ও ৯৯৬ নম্বর চালু রয়েছে।
অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
























