যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২
- আপডেট সময় ০১:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 27
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে স্থবিরতা ও ব্যাপক ফ্লাইট বাতিলের একদিন পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে অবতরণের পর চলাচলের সময় কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশের ধাক্কা লাগে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমান দুটি ট্যাক্সি করার সময় এ সংঘর্ষ ঘটে। বিমানবন্দরের যোগাযোগ বিভাগের পরিচালক গ্রেগ চিন সিএনএনকে জানান, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে দুজন আহত হন।
কোপা এয়ারলাইনসের যাত্রী সিজার ফেরেইরা সিএনএনকে জানান, অবতরণের পর স্বাভাবিক গতিতে চলছিল তাদের বিমান। হঠাৎ আশপাশে কথাবার্তার শব্দ বাড়তে থাকে। এরপর যাত্রীদের সম্মিলিত চিৎকার শোনা যায় এবং অন্য একটি বিমানের ধাক্কা অনুভূত হয়। তিনি বলেন, ধাক্কায় বিমানটি হঠাৎ একদিকে কাত হয়ে যায়। প্রথমে কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়লেও কোপা এয়ারলাইনসের কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং সবাইকে আসনে বসে থাকতে বলেন।
এফএএ জানিয়েছে, সংঘর্ষের আগে ইউপিএসের বিমানের কর্মীদের কোপা এয়ারলাইনসের ফ্লাইটকে পথ ছেড়ে দিতে নির্দেশ দিয়েছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। এরপরও কীভাবে এ সংঘর্ষ ঘটেছে, তা তদন্ত করছে সংস্থাটি।
এ ঘটনায় ইউপিএস জানিয়েছে, কী ঘটেছিল তা নির্ধারণে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটির ভাষ্য, তাদের বিমান কর্মীরা নিরাপদে আছেন। অন্যদিকে কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় যাত্রীদের ভোগান্তি হওয়ায় তারা দুঃখিত। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তদন্তে কর্তৃপক্ষকে সহযোগিতা করবে তারা।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটদের কথোপকথনের অডিওতেও সংঘর্ষের বিষয়টি উঠে এসেছে। কোপা এয়ারলাইনসের পাইলটকে বলতে শোনা যায়, ‘কেউ আমাদের ধাক্কা দিয়েছে।’ এরপর নিয়ন্ত্রক ইউপিএসের পাইলটদের জিজ্ঞাসা করেন, তারা অন্য বিমানটির সঙ্গে ধাক্কা খেয়েছেন কি না। জবাবে ইউপিএসের পাইলট বলেন, ‘হ্যাঁ, আমরা একটু বেশি সামনে চলে গিয়েছিলাম। এরপর সে তার ডানা দিয়ে আমাদের ধাক্কা দেয়।’ পরে কোপা এয়ারলাইনসের পাইলট জানান, তাদের বিমানের বাম পাশের ডানার প্রান্তটি সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে।
যাত্রী ফেরেইরা জানান, প্রায় ১০ মিনিট পর বিমানের ক্যাপ্টেন ঘোষণা দেন, তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। কোপা এয়ারলাইনসের বিবৃতি অনুযায়ী, বিমানটির ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে নেমে গেছেন। পরে বিমানটি আবার টার্মিনালে ফিরিয়ে নেয়া হয়।
প্রকাশিত একটি ছবিতে ইউপিএসের বিমানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যেতে দেখা গেছে। এর বাইরের প্যানেলেও বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। কোপা এয়ারলাইনসের বিমানটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মায়ামিতে এসে অবতরণ করেছিল। অন্যদিকে ইউপিএসের বিমানটি কলম্বিয়ার বোগোতায় যাওয়ার জন্য উড্ডয়নের প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে।
এর এক দিন আগেই এফএএর নির্দেশে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছিল। এতে ব্যাপকসংখ্যক ফ্লাইট বাতিল হয় এবং বহু যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে নতুন করে ফ্লাইটের অপেক্ষায় বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে রাত কাটাতেও হয়। দেশটির বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সূত্র : CNN























