বিনামূল্যে মালয়েশিয়া যাবেন ১ হাজার জুলাই যোদ্ধা
- আপডেট সময় ০৭:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 23
জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ববরণকারী এবং গুমের শিকার পরিবারের সদস্যদের মধ্য থেকে ১ হাজার জনকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা মোট ১০ হাজার কর্মীর মধ্য থেকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় জুলাই অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ববরণকারী এবং গুমের শিকার পরিবারের সদস্যদের মধ্য থেকে ১ হাজার জনকে বিনা খরচে পাঠানো হবে।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় যেতে কর্মীদের ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো সম্ভব হবে, তা জানতে চান তিনি।
এ ছাড়া নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠনের বিষয়েও জানতে চান ওই সংসদ সদস্য।
জবাবে আরিফুল হক চৌধুরী জানান, সোমবার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। এই নির্ধারিত ব্যয়ের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে কিংবা সরকারি ব্যবস্থার বাইরে কোনো অনিয়ম করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

























