‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দর্শকদের দেখালেন ‘মিডল ফিঙ্গার’
- আপডেট সময় ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 17
রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে আয়োজিত ফ্যাশন শোতে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দর্শকদের একাংশের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের জবাবে তাদের দিকে মধ্যমা আঙুল প্রদর্শন করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সেখান থেকে চলে যান অভিনেত্রী।
রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে গুলশানের শুটিং ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পাঁচ দিনব্যাপী আয়োজনটির শেষ দিন ছিল রোববার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঞ্চে পরীমনির পরিবেশনার শেষ পর্যায়ে উপস্থিত কয়েকজন দর্শক তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে দর্শকদের দিকে মধ্যমা আঙুল দেখান অভিনেত্রী। তবে তার এ প্রতিক্রিয়া সাংবাদিকদের উদ্দেশে ছিল কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
এ ঘটনার পর উপস্থিত দর্শকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেছেন পরীমনি।
উল্লেখ্য, এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন এই অভিনেত্রী। তবে ঘটনাস্থলে তার গাড়ি অক্ষত ছিল বলে দাবি করেছিলেন সেখানে উপস্থিত সাংবাদিকরা। ওই ঘটনাকে কেন্দ্র করেও পরীমনির সঙ্গে সাংবাদিকদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।

























