আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে লঘুচাপ
- আপডেট সময় ০৯:৩৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 35
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিত করতে পারেননি আবহাওয়াবিদরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
সম্ভাব্য গতিপথের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।
এ বিষয়ে আবহাওয়াবিদ খন্দকার হাফিজ আহমেদ বলেন, ১৮ নভেম্বরের পর সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দেশের কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।
এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

























