টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের কার্যালয়ে আগুন
- আপডেট সময় ০৯:২৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 38
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারে যুবদলের কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে এসব ঘটনার পর কুশলী ইউনিয়নের খালেক বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত পাটগাতি-গোপালগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে দুর্বৃত্তরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরবর্তী সময়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে বলেন, খালেক বাজারে কয়েকটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় তাদের দুই থেকে তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।
মোক্তার হোসেন আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মাগরিবের নামাজের পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব হামলা ও ভাঙচুর চালিয়েছেন।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি জানতে পেরেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে কি না, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে শনিবার রাত ১১টা ১৬ মিনিটের দিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

























