নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
- আপডেট সময় ১১:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / 21
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন।
নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই, শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি, নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা এবং কেউ নয়। এর ফলে ব্যবহারকারীরা চাইলে নিজের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।
তবে নতুন সুবিধাটি শুধু তাদের জন্য চালু করা হবে, যারা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেমের মাধ্যমে কেউ যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে তার ফোন নম্বর গোপন রাখে।
নতুন ফিচার চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার প্রাথমিক বা ডিফল্ট সেটিংস থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারী নিজে অনুমতি না দিলে অন্যরা তার ফোন নম্বর দেখতে পারবেন না।
তবে যেসব ব্যক্তি আগে থেকেই কোনো ব্যবহারকারীর ফোন নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তারা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন। অর্থাৎ নতুন সুবিধা চালু হলেও আগে থেকে নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে এই গোপনীয়তা নিয়ন্ত্রণ কার্যকর হবে না।
ফিচারটি চালু হলে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।
সূত্র: সামা টিভি।

























