ভোরে ইরানে দফায় দফায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় ০৯:৩৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 43
ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপ ও দক্ষিণাঞ্চলীয় বন্দর লেঙ্গেহতে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব বিস্ফোরণের পেছনে যুক্তরাষ্ট্রের হামলার খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে হামলার কারণ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের সূত্রে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্যদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হরমোজগান প্রদেশের বন্দর লেঙ্গেহতে সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ ভেসে আসে।
বিস্ফোরণের কারণ সম্পর্কে ইরানি সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়েও কোনো খবর পাওয়া যায়নি।
এমন এক সময়ে ইরানে বিস্ফোরণের খবর সামনে এলো, যখন দেশটির সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা কম বলে মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান পরিস্থিতি নিয়ে তিনি এমন অবস্থান তুলে ধরছেন।
স্থানীয় সময় সোমবার (২ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি।’ তিনি আরও বলেন, ‘এটাকে আদৌ যুদ্ধ বলা যায় কি না, তা আমি জানি না। কারণ, কয়েক মাস ধরে আমরা কোনো লড়াই করছি না।’
তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোট পরিসরে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।
প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, এসব অভিযানকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করা হয়েছে। তাদের ভাষ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি কিংবা জাহাজে হামলার সক্ষমতা অর্জন থেকে ইরানকে বিরত রাখতেই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে।
আনাদোলুর পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপ এবং হরমোজগান প্রদেশের উপকূলীয় বন্দর লেঙ্গেহতে মঙ্গলবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করছে।
বাঘাই আরও জানান, কাতারের মধ্যস্থতায় যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। পরে এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি হয়।
হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক সই করে। তবে প্রণালির নিরাপত্তা নিয়ে দুই দেশের মতবিরোধের কারণে সমঝোতার বাস্তবায়ন থমকে যায়।






















