কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর
- আপডেট সময় ১১:২৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 18
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের কার্বন নিঃসরণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্ক যাত্রার আগে বিমানবন্দরে তাদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান রিজভী।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত উল্লেখ করে রিজভী বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত ছিল।
মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, মানবজাতি এখন বিপন্ন পরিস্থিতির মুখোমুখি। এমন সময়ে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এর মধ্য দিয়ে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিজভী আরও বলেন, পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আন্তর্জাতিক এই সম্মেলন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে।
কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে তিনি আশা করছেন।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিশ্বে বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
তিনি বলেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হবে।
নুরুল ইসলাম মনি আরও বলেন, বাংলাদেশ কোনো করুণা চায় না, বরং জলবায়ু পরিবর্তনের ক্ষতির ক্ষেত্রে ন্যায়বিচার প্রত্যাশা করে। অন্য দেশের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা করেন তিনি।
























