হৃদয়—মুশির জুটি, ড্রয়ের পথে বাংলাদেশ
- আপডেট সময় ০৭:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 17
৩৬৯ রানের লক্ষ্য সামনে রেখে জয়ের আশা ছেড়ে এখন ড্রয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। তবে রক্ষণাত্মক কৌশলে পুরোপুরি না গিয়ে স্বাভাবিক ব্যাটিং চালিয়ে শেষ দিনের দ্বিতীয় সেশন কাটিয়েছে স্বাগতিকরা। এই সেশনে কোনো উইকেট না হারিয়ে ড্রয়ের সম্ভাবনা আরও জোরালো করেছে দল।
চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৪ রান। শেষ দিনের দ্বিতীয় সেশনে ৩৪ ওভার ব্যাট করে ১১৩ রান যোগ করেছেন ব্যাটাররা।
তাওহিদ হৃদয় ১৩০ বলে ৮২ রান এবং মুশফিকুর রহিম ৯৯ বলে ৪০ রান নিয়ে অপরাজিত আছেন। আক্রমণের চেয়ে উইকেট ধরে রেখে ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়াই ছিল দুজনের মূল লক্ষ্য।
দ্বিতীয় সেশনের শুরুতে বাংলাদেশের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫৮ রান। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। তবে হৃদয় ও মুশফিক অতিরিক্ত রক্ষণাত্মক না হয়ে স্বাভাবিক ব্যাটিং চালিয়ে যান।
নাজমুল হোসেন শান্ত ৪০ রানে আউট হওয়ার পর হৃদয় ও মুশফিকের তৃতীয় উইকেট জুটি গড়ে ওঠে। এই সেশনেই তাদের জুটি একশ রান ছাড়িয়ে যায়।
সেশনে ব্যক্তিগত অর্জনের দিক থেকেও উল্লেখযোগ্য দুটি ঘটনা ঘটেছে। ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিক্যানের বলে এক রান নিয়ে টেস্ট ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের রান ৫ হাজার ২৯৩।
অন্যদিকে বিশপের বলে চার মেরে ৮১ বলে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। প্রথম ইনিংসে করা ডাবল সেঞ্চুরির সঙ্গে দ্বিতীয় ইনিংসে ফিফটি যোগ করে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও অর্ধশতকের কীর্তি গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই অর্জন করেছেন হৃদয়।
























