২১ দিন নিখোঁজের পর বেঁচে থাকার খবর দিলেন রাজন
- আপডেট সময় ০১:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 27
রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে অংশ নিয়ে ফ্রন্টলাইনে স্থলমাইনে আহত হয়েছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। এরপর প্রায় ২১ দিন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি প্রকাশ করে বেঁচে থাকার খবর জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে রাজন লেখেন, ‘আলহামদুলিল্লাহ!’ যুদ্ধের ময়দানে মাইনে আহত হওয়ার পরও মহান আল্লাহর রহমতে বেঁচে আছেন বলে জানান তিনি। পাশাপাশি তার জন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
রাজন আরও জানান, তিনি সুস্থ হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরতে চান। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন রাজন। এরপর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো যুদ্ধে প্রাণ হারিয়েছেন।
























