রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দুই নেতা
- আপডেট সময় ০১:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 17
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনি কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।
বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে।
তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
তিনি আরও জানান, আপাতত নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে নির্বাচনের হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

























