হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছাল
- আপডেট সময় ০২:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 9
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে আদালতে হাজির করতে না পারায় সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ৭ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ চারজন সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন। তবে নিরাপত্তাজনিত কারণে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ কারণে আদালত সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করেন।
এর আগে গত ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ নভেম্বর তারিখ ধার্য করা হয়েছিল।
বুধবার সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান এবং সুমন মিয়া ওরফে কাইল্লা সুমনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে হাজিরা দেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ মোট ১০ জন কারাগারে আটক রয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। পথে চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সেই মামলাতেই গত ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
























