সাদিক কায়েমের বাড়িতে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস
- আপডেট সময় ০৪:৪৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 24
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় বাড়িটি পরিদর্শন করেছে সেনাবাহিনী। এ সময় পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বাড়ির আশপাশে নজরদারি ও শহরজুড়ে সেনা টহল অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের সদস্যরা সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা তার বাবা মো. আবুল কাশেমের সঙ্গে কথা বলেন।
সেনা সদস্যরা বাড়ির আশপাশে নিরাপত্তা নজরদারি এবং শহরজুড়ে সেনা টহল অব্যাহত রাখার বিষয়ে তাকে আশ্বস্ত করেন।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, সকালে সেনাবাহিনীর একটি দল তাদের বাড়িতে এসে পরিস্থিতি পরিদর্শন করে। এ সময় পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলেন।
প্রতিবেশীদের তাৎক্ষণিক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাড়িটি।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।
























