মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশি আটক
- আপডেট সময় ১২:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 11
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে চারটি পৃথক অভিযানে ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে আটক করেছে দেশটির সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত এসব অভিযানে মোট ১১৪ জন অভিবাসীর কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়।
ইমিগ্রেশন বিভাগের ২০ কর্মকর্তা বুধবার সকাল ৯টা থেকে ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ ও ‘অপস সেলেরা’ নামে চারটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১২ জনকে আটক করা হয় বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের (নিয়ন্ত্রণ) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশীয়, পাঁচজন মিয়ানমারের এবং সাতজন পাকিস্তানি নাগরিক। তাদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের মধ্যে ৯৮ জন পুরুষ ও ১৪ জন নারী রয়েছেন।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ খুসাইরি বলেন, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। এ ধারায় বৈধ কাগজপত্র না থাকা কিংবা মালয়েশিয়ায় অবস্থানের বৈধ পাস না থাকার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া একই আইনের ১৫(১)(সি) ধারা অনুযায়ী বৈধ পাস বা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ পাওয়া গেছে। ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) বিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে।
আটক ১১২ জনকে পরবর্তী ব্যবস্থা ও তদন্তের জন্য ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন ও বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ।

























