এক তারার অন্য তারাকে গিলে ফেলার দৃশ্য প্রথমবার দেখলেন বিজ্ঞানীরা
- আপডেট সময় ১০:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 19
সূর্যের সাত গুণ ভর ও ১৮ হাজার গুণ বেশি উজ্জ্বল এক মৃতপ্রায় তারাকে তার ছোট সঙ্গী তারাটিকে গিলে ফেলতে দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এ ধরনের একীভূত হওয়ার ঘটনা এর আগে কখনো সরাসরি পর্যবেক্ষণ করা যায়নি। পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে, মিল্কি ওয়ে ছায়াপথের অন্যতম নিকট প্রতিবেশী অ্যান্ড্রোমিডা ছায়াপথের প্রান্তে এ ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে মহাকর্ষীয় বন্ধনে আবদ্ধ দুটি তারা, অর্থাৎ ‘বাইনারি সিস্টেমে’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জীবনের অন্তিম পর্যায়ে বড় তারাটি অস্বাভাবিকভাবে ফুলে ‘পাফি সুপারজায়ান্ট’-এ রূপ নেয় এবং ছোট তারাটিকে গ্রাস করে। পরে তারা দুটি মিলে একটি তারায় পরিণত হয়। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটারকে এক আলোকবর্ষ বলা হয়।
গবেষকেরা তারা গ্রাসের এই আসন্ন ঘটনা ঘটার প্রায় তিন বছর আগেই তা শনাক্ত করেছিলেন। পরে ধাপে ধাপে পুরো একীভূত হওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন তাঁরা। গবেষণাটি বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ প্রকাশিত হয়েছে।
গবেষণার প্রধান লেখক নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল গবেষক ও নাসা হাবল ফেলো বিরাজ করমবেলকর বলেন, দানবাকার তারার সঙ্গী তারাকে গিলে ফেলার বিষয়টি বহু দশক ধরেই তাত্ত্বিকভাবে আলোচিত হয়ে আসছে। তাঁর ভাষ্য, মহাবিশ্বে আজ নানামুখী যে তারাব্যবস্থা দেখা যায়, তা ব্যাখ্যায় এই প্রক্রিয়ার ফলাফল বোঝা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই গবেষণায় উঠে আসা তারাব্যবস্থা প্রক্রিয়াটির প্রথম সরাসরি পর্যবেক্ষণ তুলে ধরেছে। অর্থাৎ কোনো দানবাকার তারা তার সঙ্গীকে গিলে ফেলার মুহূর্ত এই প্রথম সরাসরি ধরা সম্ভব হয়েছে।
জীবনকালের শেষ প্রান্তে পৌঁছে বড় তারাগুলোর কেন্দ্রের জ্বালানি ফুরিয়ে গেলে কেন্দ্র সংকুচিত হতে থাকে। তখন ভেতরের প্রচণ্ড তাপ বাইরের স্তরগুলোকে বাইরের দিকে ঠেলে দেয়, ফলে তারাটি ফুলে ওঠে। এই গবেষণার বড় তারাটি ফুলে সূর্যের ব্যাসের ৩৫০ গুণ হয়ে গিয়েছিল। অন্যদিকে সূর্যের ব্যাসের প্রায় ৭০ শতাংশ আকারের ছোট তারাটি সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যবর্তী দূরত্বের সমান কক্ষপথে বড় সঙ্গীটিকে প্রদক্ষিণ করছিল। বড় তারাটির এই প্রসারণের মধ্যেই সেটি বিলীন হয়ে যায়।
গবেষকেরা ২০১৮ সালে ঘটনাটি শুরু হওয়ার সময় উজ্জ্বলতা বৃদ্ধির বিষয়টি শনাক্ত করেন। এরপর পরবর্তী সাত বছর ধরে ছোট তারাটি ক্রমে বড় তারাটির কেন্দ্রের দিকে সর্পিলভাবে ভেতরে ঢুকতে থাকে। ২০২৫ সালের শেষ দিকে ছোট তারাটি শেষ পর্যন্ত বড় তারাটির কেন্দ্রের সঙ্গে একীভূত হয় এবং সূর্যের চেয়ে ১০ লাখ গুণ বেশি উজ্জ্বল বিস্ফোরণের জন্ম দেয়। করমবেলকর একে ‘একত্রীকরণ ঘটনা’ বা ‘ইউনিফিকেশন ইভেন্ট’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য, এই প্রবল সংঘর্ষ তারাটির ভেতরে বোমা ফাটানোর মতো প্রভাব ফেলেছিল, যার ফলে ওই উজ্জ্বল বিস্ফোরণ দেখা গেছে।
ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির ইনফ্রারেড ‘উইন্টার’ টেলিস্কোপ ও নাসার ‘নিওওয়াইজ’ স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে গবেষকেরা প্রথমে তারা দুটি শনাক্ত করেন। এরপর কক্ষপথে থাকা ‘স্ফিয়ারএক্স’ ও ‘জেমস ওয়েব’ স্পেস টেলিস্কোপ এবং বিভিন্ন ভূমিভিত্তিক মানমন্দিরের সাহায্যে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন।
গবেষণার সহলেখক ও কলাম্বিয়ার জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক কিশলয় দে বলেন, অতীতেও তারার একীভূত হওয়ার ঘটনা দেখা গেছে। পার্থক্য হলো, ওই ঘটনাগুলো ঘটেছিল তুলনামূলক ছোট ও ঘনবদ্ধ দুটি তারার মধ্যে, যেখানে ভৌত সংস্পর্শে আসার পর একীভূত হওয়া প্রায় অনিবার্য ছিল। তাঁর ভাষ্য, এবারের ঘটনায় বড় তারাটি ছিল ফুলে ওঠা এক তারা, যার বাইরের আবরণ ছিল আলগাভাবে বাঁধা। এমন অবস্থায় একীভূত হওয়া ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে।
কিশলয় দে আরও বলেন, কিছু ক্ষেত্রে গিলে ফেলা ছোট তারাটি এতটা শক্তি নির্গত করতে পারে যে তা বড় তারাটির ফুলে থাকা বাইরের স্তরগুলো উড়িয়ে দেয়। তখন মূল বড় তারাটির অবশিষ্ট কেন্দ্র ছোট তারাটিকে প্রদক্ষিণ করতে থাকে।
গবেষকেরা বলছেন, এ ঘটনায় দুটি তারার মধ্যে বড়টি জীবনকালের শেষ প্রান্তে থাকলেও একীভূত হওয়ার ফলে নতুন জীবন পাওয়া, অর্থাৎ পুনর্জীবিত একটি তারা তৈরি হতে পারে।
একীভূত হওয়া তারাটিকে চীনা রন্ধনশৈলীর জনপ্রিয় ভাপা রুটির নামে ‘বাও’ ডাকনাম দিয়েছেন গবেষকেরা। করমবেলকর বলেন, এই বিস্ফোরণের স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নাম ছিল ‘এটি২০২৫অ্যাবাও’, যার মানে ‘২০২৫ অ্যাবাও-এর জ্যোতির্বৈজ্ঞানিক ক্ষণস্থায়ী ঘটনা’। তাঁর ভাষ্য, এ থেকেই স্নেহবশত তাঁরা এটিকে ‘বাও’ বলে ডেকেছেন। চীনা রুটির নামের সঙ্গে মিল থাকাটাও এই ডাকনাম নিতে তাঁদের উৎসাহিত করেছে।

























