টানা ৫২ ঘণ্টা না ঘুমিয়ে জিটিএ সিক্স খেলে শেষ করলেন আইশোস্পিড
- আপডেট সময় ০৯:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 44
বিশ্বজুড়ে আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স) শেষ করতে দুই দিনেরও বেশি সময় টানা খেলেছেন জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড। প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট না ঘুমিয়ে খেলার পর গেমটির মূল গল্প শেষ করেন তিনি। পুরো সময়ের খেলা সরাসরি সম্প্রচার করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
‘মেনস জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গেমটির আনুষ্ঠানিক মুক্তির কিছুক্ষণ আগে এই দীর্ঘ গেমিং সেশন শুরু করেন আইশোস্পিড। তবে মূল অভিযান বা ক্যাম্পেইন শুরু করার জন্য গেমটির আনুষ্ঠানিক মুক্তি পর্যন্ত অপেক্ষা করেন তিনি।
পরবর্তী দুই দিন দর্শকেরা তাকে একের পর এক মিশন সম্পন্ন করতে এবং গেমের গল্পের শেষ পর্যায়ের দিকে এগিয়ে যেতে দেখেন। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ৪০ ঘণ্টার মধ্যেই গেমটির মূল গল্পের ৮০ শতাংশের বেশি শেষ করেছিলেন তিনি।
দীর্ঘ সময় না ঘুমিয়ে খেলার ধকল একপর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে। লাইভস্ট্রিম চলাকালে কয়েকবার নিজের ক্লান্তির কথা জানান এই স্ট্রিমার। পুরো সময় একবারও ঘুমাননি বলেও দর্শকদের জানান তিনি।
গেমটির মূল গল্প শেষ করার পরও আইশোস্পিডের মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যায়নি। বরং গল্পের কিছু অংশ নিয়ে তাকে হতাশ মনে হয়েছে। একপর্যায়ে গেমের সমাপ্তির পর কেঁদেও ফেলেন তিনি।
তবে জিটিএ সিক্স শেষ করা প্রথম স্ট্রিমার নন আইশোস্পিড। নিউজিল্যান্ডে গেমটি আগে মুক্তি পাওয়ার সুযোগসহ অন্যান্য কারণে ব্রাইসএক্সডি (BrycexD) ৪০ ঘণ্টার কম সময়েই তার আগে গেমটি শেষ করেছিলেন।
এরপরও টানা ৫২ ঘণ্টার বেশি সময় ধরে আইশোস্পিডের এই গেমিং সেশন অনলাইন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই দিনের বেশি সময় জেগে থেকে গেম শেষ করার এই ব্যতিক্রমী প্রচেষ্টা দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
























