ঘরের মাঠেও জয়হীন ম্যানসিটি, টানা চার ম্যাচে জয় নেই
- আপডেট সময় ০৯:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 37
টানা তিন ম্যাচ হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। বিরতি শেষে মাঠে ফিরেও হারের বৃত্ত থেকে বের হতে পারল না দলটি। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সিটি। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জয়হীন থাকতে হলো তাদের।
শনিবার (২১ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকরা। ১৬ মিনিটে রদ্রিগো মুনিজের গোলে এগিয়ে যায় ফুলহাম। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় সিটি।
ফুলহামের বিপক্ষে অতীতে দাপুটে রেকর্ড ছিল ম্যানচেস্টার সিটির। সব প্রতিযোগিতা মিলিয়ে এই প্রতিপক্ষের বিপক্ষে টানা ২০ ম্যাচ জয়ের ইংলিশ রেকর্ডও ছিল তাদের। তবে এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পেপ গার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য আক্রমণ বাড়ায় সিটি। একপর্যায়ে এলিয়ট অ্যান্ডারসনের গোলে সমতা ফেরে ম্যাচে। তবে এরপর আর কোনো দল গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
আগের তিন ম্যাচে হারের পর এই ড্রয়ে এক পয়েন্ট পেল সিটি। তবে সর্বশেষ চার ম্যাচে সম্ভাব্য ১২ পয়েন্টের মধ্যে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।
১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাইটন খেলেছে এক ম্যাচ কম। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। অন্যদিকে টানা তৃতীয় ড্রয়ে ১৪তম স্থানে রয়েছে ফুলহাম।
























