স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকায় ৮ জনের মৃত্যু
- আপডেট সময় ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 42
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীবাহী একটি নৌকা থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ১০০ জন অভিবাসী ছিলেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটির বরাত দিয়ে জানা গেছে, নৌকাটিতে আট থেকে ১০ জনের মরদেহ পাওয়া গেছে।
এল হিয়েরো দ্বীপের দক্ষিণে প্রায় ৩৯ নটিক্যাল মাইল বা ৭২ কিলোমিটার দূরে নৌকাটির সন্ধান পান উদ্ধারকর্মীরা। পরে নৌকাটিকে টেনে লা এস্তাকা বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়।
এদিকে, অন্য একটি অভিবাসীবাহী নৌকা থেকে উদ্ধার হওয়া ৮৪ জন লা রেস্টিঙ্গা বন্দরে পৌঁছেছেন। এল হিয়েরো দ্বীপের প্রধান এই বন্দরে অভিবাসীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে।
আটলান্টিক মহাসাগরে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনের একটি অঞ্চল। উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূলের কাছাকাছি অবস্থানের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে দ্বীপপুঞ্জটি। সেখানে পৌঁছানোর মাধ্যমে অভিবাসীরা স্পেন তথা ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডে প্রবেশ করেন।
২০২৪ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে রেকর্ড ৪৬ হাজারের বেশি অভিবাসী পৌঁছেছিলেন। তবে নজরদারি বাড়ানো এবং অভিবাসীদের নিজ দেশ ও যাত্রাপথের দেশগুলোর সঙ্গে স্পেনের সহযোগিতা জোরদারের ফলে পরবর্তী সময়ে আগমনের সংখ্যা কমে আসে।
অন্যদিকে, সেনেগাল, মৌরিতানিয়া ও মরক্কোর উপকূলে টহল জোরদার হওয়ায় অভিবাসীদের একটি অংশ এখন আরও দক্ষিণের দেশ গাম্বিয়া, গিনি-বিসাউ ও গিনি থেকে যাত্রা শুরু করছেন। এতে সমুদ্রপথের দূরত্ব বাড়ার পাশাপাশি ঝুঁকিও বেড়েছে।
চলতি বছরের অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন আবারও বাড়তে শুরু করেছে। চলতি সপ্তাহের শুরুতে এক দিনেই ২ হাজার ১০০ জন অভিবাসী দ্বীপগুলোতে পৌঁছান, যা রেকর্ড। তাঁদের অধিকাংশই এল হিয়েরো দ্বীপে পৌঁছান। দ্বীপটির জনসংখ্যা মাত্র ১১ হাজার ৪০০।
অভিবাসীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে চলতি মাসের শুরুতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এর আগে ১৪ নভেম্বর এক দিনেই প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন উদ্ধারকর্মীরা।
ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, মানবিক সংকটের শুরু এল হিয়েরোতে নয়, বরং সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে। সেখানেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সাম্প্রতিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের জরুরি পদক্ষেপ দাবি করেন।
























