২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা ইয়েমেনের
- আপডেট সময় ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 34
গত ২৪ ঘণ্টায় হুথি অবস্থানগুলোতে ৭২৬টি হামলা চালিয়ে ১২১ জন যোদ্ধা ও কমান্ডারকে হতাহত করার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। শনিবার (২৮ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সির বরাতে সামরিক মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান।
মুখপাত্র জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে পরিচালিত এসব হামলার মধ্যে ছিল ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা। তাঁর দাবি, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করতে এবং তাদের অবস্থান ও অতিরিক্ত সৈন্য সমাবেশ লক্ষ্য করে অভিযান চালানোয় তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে এবং শাবওয়াসহ বেশ কয়েকটি রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সৌদি আরবে হুথিদের অব্যাহত হামলার মুখে ইয়েমেনের সরকারি বাহিনী এবং সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করায় দেশটিতে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।
অন্যদিকে শুক্রবার হুথি-সমর্থিত সংবাদমাধ্যম জানিয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু।
তবে সামরিক বাহিনীর এই হতাহতের পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

























