জীবের প্রতি দয়ায় আল্লাহ খুশি হন
- আপডেট সময় ০৩:৩১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 19
পৃথিবীর সব প্রাণীই মহান আল্লাহর সৃষ্টি। তাই মানুষের পাশাপাশি পশু-পাখিসহ সব জীবের প্রতি দয়া ও সদয় আচরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। সৃষ্টিজীবের প্রতি মমতা ও অনুগ্রহ প্রদর্শন আল্লাহর পছন্দনীয় কাজ। এ বিষয়ে পবিত্র হাদিসে একাধিকবার গুরুত্বারোপ করেছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ মেহেরবান। তিনি মেহেরবানি পছন্দ করেন। মেহেরবানির জন্য তিনি যা দান করেন, কঠোরতার জন্য তা দান করেন না।’ (সহিহ মুসলিম)। এ হাদিসে মানুষের প্রতি দয়া ও কোমল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
অন্য এক হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আমি কি তোমাদের এমন ব্যক্তির সংবাদ দেব না, যার ওপর জাহান্নামের আগুন হারাম এবং যে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম? সে হলো ভদ্র, মিশুক ও বিনম্র ব্যক্তি।’ (আবু দাউদ ও তিরমিজি)।
হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘অনুগ্রহকারীদের প্রতি পরম করুণাময় অনুগ্রহ করেন। তোমরা দুনিয়াবাসীর প্রতি অনুগ্রহ করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন।’ (আবু দাউদ ও তিরমিজি)।
সৃষ্টিজীবের প্রতি দয়ার গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) একটি ঘটনার কথাও বলেছেন। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিস অনুযায়ী, এক ব্যক্তি প্রচণ্ড পিপাসার্ত অবস্থায় একটি কূপ থেকে পানি পান করেন। কূপ থেকে উঠে তিনি দেখতে পান, একটি কুকুর পিপাসায় কাতর হয়ে কাদামাটি চাটছে। লোকটি নিজের কষ্টের কথা ভেবে কুকুরটির দুরবস্থা উপলব্ধি করেন। পরে কূপে নেমে নিজের মোজায় পানি ভরে এনে কুকুরটিকে পান করান। তার এই কাজের প্রতিদান হিসেবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সাহাবিরা জানতে চাইলে রাসুল (সা.) বলেন, ‘প্রত্যেক জীবন্ত প্রাণীর উপকারের মধ্যেই সওয়াব রয়েছে।’ (সহিহ বুখারি ও মুসলিম)।
তবে সৃষ্টিজীবের প্রতি নিষ্ঠুর আচরণ শাস্তির কারণও হতে পারে। হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, এক নারী একটি বিড়ালকে বেঁধে রেখে খাবার না দেওয়ায় জাহান্নামে গেছে। বিড়ালটিকে ছেড়েও দেয়নি, যাতে সে মাটির পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। (সহিহ বুখারি ও মুসলিম)। এ হাদিস থেকে বোঝা যায়, ছোট-বড় কোনো প্রাণীকেই অকারণে কষ্ট দেওয়া উচিত নয়।
প্রাণীদের স্বাভাবিক জীবনযাপনে বাধা দেওয়া, অকারণে খাঁচায় বন্দি রাখা কিংবা মানুষের বিনোদনের জন্য তাদের স্বাধীনতা কেড়ে নেওয়াও অনুচিত। বরং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং প্রয়োজন অনুযায়ী যত্ন নেওয়া উচিত।
মানুষের সঙ্গে সদাচরণ ও ভালো কথা বলারও বিশেষ গুরুত্ব রয়েছে ইসলামে। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘উত্তম কথাও সদকা।’ (সহিহ বুখারি)। অর্থাৎ মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলাও সওয়াবের কাজ।
পৃথিবীতে মানুষের জীবন সীমিত। এই সময়ে অন্যের উপকার করতে না পারলেও অন্তত কারও ক্ষতি বা কষ্টের কারণ না হওয়া উচিত। মানুষ ও অন্যান্য সৃষ্টিজীবের প্রতি দয়া, সহমর্মিতা এবং ভালো আচরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা প্রত্যেকের কর্তব্য।

























