পিতৃত্বকালীন ছুটি চালু করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী
- আপডেট সময় ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 19
ভারতের তামিলনাড়ু রাজ্যে বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিনি এ সিদ্ধান্তের কথা জানান। সন্তান জন্মের সময় স্ত্রীকে সহযোগিতা এবং নবজাতকের দেখাশোনায় বাবার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের ছুটির নীতিমালা অনুসরণ করেই তামিলনাড়ুতে এই সুবিধা চালু করা হচ্ছে। ১৯৯৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে সে বছর এ ব্যবস্থা কার্যকর হয়।
নতুন নিয়ম অনুযায়ী, সন্তানের জন্মের সম্ভাব্য তারিখের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের পরবর্তী ছয় মাসের যেকোনো সময় এই ছুটি ভোগ করতে পারবেন যোগ্য কর্মীরা।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরুষ কর্মীদের দীর্ঘদিনের পিতৃত্বকালীন ছুটির দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্তান জন্মের সময় মা ও নবজাতক উভয়ের বিশেষ যত্ন প্রয়োজন। এ সময়ে মাকে শারীরিক ও মানসিকভাবে সহায়তা করার পাশাপাশি শিশুর পরিচর্যায় বাবার সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন।
ভারতে পুরুষ সরকারি কর্মীদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার ক্ষেত্রে তামিলনাড়ুই প্রথম রাজ্য নয়। ২০১১ সালে ওডিশায় ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করা হয়। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ কর্মীরা পিতৃত্বকালীন ও শিশুযত্নের জন্য সব মিলিয়ে ৩০ দিনের ছুটি পান।
এ ছাড়া কেরালায় এ ছুটির মেয়াদ সর্বোচ্চ ১০ দিন। মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর সংশোধিত সরকারি কর্মচারী ছুটির বিধিমালা অনুযায়ী, পুরুষ কর্মীরা ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পান।
অন্যদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে আসামেও যোগ্য পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করা হয়। তবে ভারতের বিভিন্ন রাজ্যে এ ছুটির মেয়াদ, যোগ্যতার শর্ত এবং ছুটি নেওয়ার সময়সীমা এক নয়। কোনো কোনো রাজ্যে দত্তক বা সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে পিতৃত্বকালীন ছুটির সুযোগ রয়েছে।

























