হামের উপসর্গে একদিনে ৮ শিশুর মৃত্যু
- আপডেট সময় ০৪:২৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 25
হামের উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় তাদের মৃত্যু হয়। একই সময়ে নিশ্চিত ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হামে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে। মৃতদের প্রায় সবাই শিশু।
এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে পরিচালিত এক জরিপে হামে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। পরবর্তী সময়ে ২০১৭ সালে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়। ২০১৮ সালে ছয়জন এবং ২০২০ সালে সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।
চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে রোগটির সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হাম রোগী শনাক্ত ও মৃত্যুর তথ্য প্রকাশ শুরু হয়।
























