ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব, যা বলল নয়াদিল্লি
- আপডেট সময় ১২:৪৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 32
ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ উদ্যোগের বিষয়ে দেওয়া নোটিশ পর্যালোচনা করছে নয়াদিল্লি। তবে ভারতের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত বিষয়ে ১৪টি অর্থনীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) যে তদন্ত শুরু করেছে, সে বিষয়ে প্রকাশিত নোটিশ এবং মতামত চাওয়ার বিষয়টি পর্যালোচনা করছে ভারত সরকার।
বিবৃতিতে বলা হয়, ভারতের কোনো খাতেই কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি পণ্য উৎপাদন করে। পাশাপাশি দেশটির বাজারে প্রবেশ করা কঠিন এবং শ্রমিকদের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় না। এসব নীতির কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় তদন্তের পর এ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ১৬টি অর্থনৈতিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করে তদন্ত শুরু করে। কয়েক মাস ধরে এসব অর্থনীতি অতিরিক্ত উৎপাদনকে উৎসাহিত করছে কি না, তা খতিয়ে দেখছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের দাবি, অতিরিক্ত উৎপাদনের কারণে পণ্যের দাম কমে যায় এবং এতে দেশটির শিল্প খাত ক্ষতিগ্রস্ত হয়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, কয়েক দশক ধরে অনেক বাণিজ্য অংশীদার এমন শিল্পনীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে উৎপাদন খাতকে লক্ষ্য করে পরিকল্পনা, মজুরি ও শ্রমিক অধিকার দমন, আর্থিক ও অন্যান্য সহায়তা এবং বাজারভিত্তিক নয়—এমন উপকরণের ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বাজারব্যবস্থাকে বিকৃত করে এমন নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। এসব নীতির ফলে সংশ্লিষ্ট দেশগুলো বাণিজ্যে সুবিধাজনক অবস্থান তৈরি করছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তি দুর্বল হচ্ছে।
‘উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদনসংক্রান্ত ভারতের কর্মকাণ্ড, নীতি ও চর্চা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি খাতে ভারত যুক্তরাষ্ট্রে যত পণ্য রপ্তানি করে, তার তুলনায় কম পণ্য আমদানি করে।
ইউএসটিআরের ভাষ্য, ওষুধ, ইস্পাত এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পণ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। এসব খাতে ভারতীয় উৎপাদনের ওপর নির্ভরশীলতার বিষয়টিও এতে স্পষ্ট হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
ভারত ছাড়াও চীনসহ আরও কয়েকটি দেশের পণ্যে ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের সঙ্গে আগে থেকেই বাণিজ্য চুক্তি রয়েছে, এমন দেশগুলোর ক্ষেত্রে শুল্কের হার কম হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। এ হারের মধ্যে প্রচলিত আমদানি শুল্কও অন্তর্ভুক্ত। অন্যদিকে, ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে দেশটির পণ্যে শুল্কের হার দাঁড়াবে ২০ শতাংশ।
এর আগে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা ব্যাপকভিত্তিক বাণিজ্য শুল্ক বাতিল করে দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ৩০১ ধারায় দুটি তদন্ত শুরু করে।
এর একটি তদন্তে ৬০টি অর্থনৈতিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে প্রায় ১০০টি দেশ রয়েছে। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য রপ্তানির নিয়ম লঙ্ঘনের অভিযোগে এ তদন্ত চলছে। অন্য তদন্তটি ১৬টি অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে, যেখানে অতিরিক্ত উৎপাদনে উৎসাহ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সুপ্রিম কোর্টের রায়ের পর ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাও নতুন করে শুরু করতে হয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে চূড়ান্ত হওয়া কাঠামোটি শুল্ক বাতিলের পর আবার আলোচনার পর্যায়ে ফিরে যায়। বর্তমানে দেশ দুটি একটি অন্তর্বর্তী দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যসংক্রান্ত যেকোনো উদ্বেগ আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত বলে মনে করে নয়াদিল্লি। ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটির সরকার।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর আগামী ২৫ জানুয়ারি এ শুল্ক প্রস্তাব নিয়ে জনশুনানির দিন নির্ধারণ করেছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আগামী ৫ জানুয়ারির মধ্যে লিখিত মতামত জমা দিতে বলা হয়েছে। এ সময় পর্যন্ত প্রস্তাবটি নিয়ে আলোচনা ও মতামত জানানোর সুযোগ থাকবে।























