পাকিস্তানের তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমান আর নেই
- আপডেট সময় ০৭:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 28
পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন এ আলেম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা শোক জানিয়ে মরহুমের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


























