মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক দুই
- আপডেট সময় ১১:২৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 51
রাজধানীর মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে যাত্রী নামানোর জন্য বাসটি স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন লাগে।
তিনি আরও জানান, বাসে থাকা যাত্রী, চালক ও সহকারী নিরাপদে নেমে আসতে সক্ষম হন। এতে কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে পালানোর চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়।
























