ডিএফসির তালিকায় বাংলাদেশের নাম, বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ
- আপডেট সময় ১১:১৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 42
বাংলাদেশকে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মার্কিন অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে ডিএফসি জানায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় বেসরকারি বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত সহায়ক হবে। সংস্থাটির অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা কাজে লাগিয়ে অর্থের সংকট কিংবা ঝুঁকির কারণে থমকে থাকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
ডিএফসির প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তৃতি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়বে।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি করেছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পথও প্রসারিত হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্যের সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এ লক্ষ্য বাস্তবায়নে দুই দেশের মধ্যে হওয়া পারস্পরিক বাণিজ্য চুক্তি সহযোগিতার অঙ্গীকার তুলে ধরে। তিনি মনে করেন, ডিএফসির অর্থায়ন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং উভয় দেশের সমৃদ্ধি বাড়াতে সহায়তা করবে।
ডিএফসি আরও জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত সম্প্রসারণশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। ফলে এখানে কৌশলগত বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করতে কাজ করছে সংস্থাটি।























