লকডাউন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অবরুদ্ধ উপাচার্য
- আপডেট সময় ১২:০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 37
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা দেওয়ার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টানা দ্বিতীয় দিনের মতো উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলছে। রাতেও অবরুদ্ধ রয়েছেন উপাচার্য।
সোমবার (১৬ নভেম্বর) ওই ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বাইরে কর্মরতরা পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকেল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস ‘লকডাউন’ ঘোষণা করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সোমবার রাত ৯টা পর্যন্ত বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানউল্লাহসহ তাঁর দপ্তরের কর্মকর্তারা তখনো অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এর আগে অবরোধ চলাকালে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর করা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামো (পে-স্কেল) অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে, আপিল বিভাগের রায়ের বাইরে গিয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ বিশ্ববিদ্যালয়ের নেই। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক দায় তৈরি হতে পারে।
সূত্র আরও জানায়, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময় ‘অসাধারণ ছুটি’ হিসেবে গণ্য হবে। এ সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেতন পাবেন না। বেতন না পেলে অন্যান্য ভাতা পাওয়ারও সুযোগ নেই।
আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেন। রায়ে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার পাশাপাশি ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হলেও ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা পদোন্নতির সুবিধা দেওয়ার সরাসরি নির্দেশ দেওয়া হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হলে পুলিশ, আনসার ও নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই দাবি তুলতে পারেন। এতে রাষ্ট্রের ওপর ৮০ হাজার থেকে এক লাখ কোটি টাকা পর্যন্ত আর্থিক দায় তৈরি হতে পারে। এ ছাড়া আদালতের রায়ের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা আদালত অবমাননার প্রশ্নও তুলতে পারে।
এদিকে সমাবেশে আন্দোলনকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কর্মরত প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তাঁদের ৯৮৮ জনের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। তাঁদের দাবি, কর্তৃপক্ষ ২০টি প্রকল্পে প্রায় ২৫০ কোটি টাকা অপ্রয়োজনীয়ভাবে ব্যয় করছে এবং সংস্কারের নামে ঐতিহ্যবাহী ভবনের কাঠামো পরিবর্তন করছে। অথচ দীর্ঘদিনের বঞ্চনার শিকার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁদের।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন, সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন, মো. সহিদুল ইসলাম বাদল, মো. সাইফুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. জলিলুর রহমান, মো. আশরাফুজ্জামান পলাশ, মো. নুরুজ্জামান, মো. নাসির উদ্দীন, মো. আলমগীর হোসেন, মো. রবিউল ইসলাম, মো. সফিকুল ইসলাম বাদল, মো. মিয়াজ উদ্দিন, সেকশন অফিসার মো. রোমেল দেওয়ান, মো. মোজাম্মেল হক লিটন, মো. ইয়াকুব মিয়া এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন।
উল্লেখ্য, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের রায়ে তাঁরা চাকরিতে পুনর্বহাল হন। রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রোববার (১৫ নভেম্বর) থেকে তাঁরা আন্দোলনে নেমেছেন।

























