নেতানিয়াহু ও আইজেনকটের বড় পার্থক্য নেই: ট্রাম্প
- আপডেট সময় ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 14
ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নীতিগত অবস্থানের দিক থেকে এই দুই নেতার মধ্যে খুব বেশি পার্থক্য নেই বলে মনে করেন তিনি।
রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডায় এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলে নতুন সরকার গঠনের ক্ষেত্রে নেতানিয়াহুর আগে আইজেনকটকে প্রথম সুযোগ দেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।
জবাবে ট্রাম্প বলেন, নীতিগতভাবে দুই নেতা প্রায় একই রকম। আইজেনকট তাঁর সম্পর্কে বেশ ভালো কথা বলেছেন এবং তাঁকে ভালোবাসেন বলেও জানিয়েছেন।
ট্রাম্প বলেন, “তবে সেখানে কী ঘটছে, তা আমি এখনো দেখিনি। নিশ্চিতভাবেই তাঁর ও নেতানিয়াহুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। দেখা যাক কী হয়।”
গত মাসে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। তবে এরপরও আইজেনকট তাঁর সমালোচনা করেননি।
নেতানিয়াহুর সঙ্গে পার্থক্য তুলে ধরতে আইজেনকট সরকার পরিচালনার ধরন পরিবর্তনের কথা বলেছেন। তবে নীতিগত বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সুনির্দিষ্ট পার্থক্য এখনো স্পষ্ট করেননি।
নেতানিয়াহুর বিদায়ী জোটের তুলনায় অপেক্ষাকৃত মধ্যপন্থি সরকার গঠনের আগ্রহ প্রকাশ করেছেন আইজেনকট। ওই জোটে উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলো অন্তর্ভুক্ত ছিল।























