ইরাকের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
- আপডেট সময় ০৮:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / 22
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। এতে অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদন প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট ব্যাহত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলা হয়। ড্রোনটি এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানার পর আগুন ছড়িয়ে পড়ে। হামলার পর গ্যাসক্ষেত্রের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। খবর রয়টার্সের।
কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ড্রোনের আঘাতের পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হামলার ফলে সৃষ্ট আগুন তখনো জ্বলছিল।
নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, হামলার পর গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, কর্মীদের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।
খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। অঞ্চলটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে কিছুদিন পর আবার উৎপাদন শুরু হয়।
সূত্র: রয়টার্স























