ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল, নেতানিয়াহুর
- আপডেট সময় ১২:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / 10
ইরান তার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ দাবির সমর্থনে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি তিনি।
সম্প্রতি ইসরাইলের টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে নেতানিয়াহু এ দাবি করেন। তবে কথিত ঘটনাটি কখন ঘটেছিল, তার দুই ছেলে ইয়াইর নেতানিয়াহু ও অ্যাভনার নেতানিয়াহুর মধ্যে কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিংবা ওই ঘটনা কতদূর এগিয়েছিল—সাক্ষাৎকারে তা স্পষ্ট করেননি তিনি।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দেশব্যাপী নির্বাচনের আগে ইসরাইলের একটি নিরাপত্তা সংস্থা তার এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছে—এমন একটি খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেতানিয়াহু তার ছেলেদের প্রসঙ্গ তোলেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তার ছেলেদের বিষয়ে একটি ‘অবিশ্বাস্য ঘটনা’ ঘটেছে। এরপর তিনি দাবি করেন, ইরান তার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল এবং তাকে হত্যা করার চেষ্টা করেছিল।
তবে নেতানিয়াহুর এই দাবির বিষয়ে সাক্ষাৎকারে কোনো অতিরিক্ত তথ্য, ঘটনার সময়কাল বা কথিত হামলার ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তার দাবির পক্ষে কোনো প্রমাণও প্রকাশ করা হয়নি।
























