মার্কিন পণ্যে পালটা শুল্ক কানাডার
- আপডেট সময় ০২:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 18
যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের জবাবে মার্কিন পণ্যে পালটা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক আরোপ করা হবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাজধানী অটোয়ায় এক বক্তব্যে কার্নি বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পালটা শুল্ক আরোপ করা হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডা থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার ছিপ ও হকি সরঞ্জাম।
এর আগে শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কয়েক দিনের বাণিজ্য আলোচনা ব্যর্থ হয়। এর ফলে দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার ও মিত্র দুই দেশের সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।
কানাডার পালটা শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের ওপর ‘বিপুল পরিমাণ’ শুল্ক আরোপ করে আসছে।
কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার শুরু ইতিবাচক হলেও শেষ দিকে ওয়াশিংটন এমন কিছু শর্ত দিয়েছে, যা কানাডার জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিকর ও অন্যায্য। এসব শর্ত কানাডার নতুন বাণিজ্যচুক্তি করার সক্ষমতাও সীমিত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ওই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। তার ভাষায়, কানাডা ‘অন্যায্য শর্ত মেনে নেবে না’।
এ ছাড়া আলোচনার সময় কানাডার ফরাসি ভাষা ও ফরাসিভাষী প্রদেশ কুইবেকের সংস্কৃতি নিয়েও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ‘অগ্রহণযোগ্য হুমকি’ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কার্নি।
যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর। এরপরও মার্কিন শুল্কের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়া অল্প কয়েকজন বিশ্বনেতার একজন হিসেবে কার্নি অবস্থান নিয়েছেন।
পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী নতুন বাণিজ্যিক ও সামরিক জোট গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন।

























