ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
- আপডেট সময় ১১:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 20
সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ার অভিযোগ তুলে ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আন্দোলনের ধরন ও কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিতের সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি এখনো বাস্তবায়িত হয়নি। এর মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতির বিষয় রয়েছে।
রোববার (২৩ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হবে। এর অংশ হিসেবে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরুর বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ জন্য শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।
এর আগে সরকারের আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। তাদের ভাষ্য, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় আবারও আন্দোলনের বিষয়টি সামনে এসেছে।
সিজেপি নেতাদের মতে, নতুন করে অসন্তোষের অন্যতম কারণ ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানি। দলটির দাবি, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তির ক্ষেত্রে আদালত একাধিকবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে।
সিজেপির দাবি, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের একটি সমন্বিত তালিকা আদালতে জমা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। দলটির ভাষ্য, ওই তালিকা পাওয়া গেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে আদালতের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে মামলাগুলো একসঙ্গে বাতিল করার সুযোগ তৈরি হতে পারে।
তবে আদালতের এসব নির্দেশের পরও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। দলটি আরও জানিয়েছে, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি এখনো পূরণ হয়নি।
আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ‘সম্মানজনক ক্ষতিপূরণ’ দেওয়ার লিখিত নিশ্চয়তার মতো বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি করেছে সিজেপি। সরকারের প্রতিনিধিরাও এসব বিষয়ে দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি বলে জানিয়েছে তারা।
আগের আন্দোলন স্থগিত করাকে নিজেদের সদিচ্ছার প্রকাশ হিসেবে উল্লেখ করে সিজেপি বলেছে, সেই সিদ্ধান্তকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়। দলটির সতর্কবার্তা, শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করার আশ্বাস দিয়ে পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুযোগ নিয়ে সরকার প্রতিশ্রুতি থেকে সরে গেলে তা তারা মেনে নেবে না।























